এ. এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: এক প্রভুভক্ত কুকুরের ভালবাসায় এলাকায় তোলপাড়। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের চর-বিশ্বনাথপুর গ্রামে। মনিবের চুরি হয়ে যাওয়া প্রায় এক লক্ষ টাকা দামের গরু চামড়া ও মাংস শনাক্ত করতে চোর ধরতে সাহায্য করে কুকুরটি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) রাতে উপজেলার চর-বিশ্বনাথপুর গ্রামের কৃষক মোঃ মধু মিয়ার একটি গরু গোয়াল ঘর থেকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার ভোর বেলায় মধু মিয়া তার গোয়াল ঘরে গিয়ে দেখেন তার গরুটিও নেই,সাথে পোষা কুকুরটিও নেই। অনেক খোঁজাখুজির পরও কোন সন্ধান না পেয়ে বাড়ির আঙ্গিনায় বসে কান্নায় ভেঙ্গে পড়েন কৃষক মধু মিয়া।
হঠাৎ মধু মিয়া দেখতে পান তার পোষা কুকুরটি একটি রক্তমাখা গরুর কান মুখে নিয়ে তার দিকে ছুঁটে আসতে। বিষয়টি লোকজনেরও দৃষ্টি আকর্ষণ করে। এ সময় কুকুরটি মধু মিয়ার পড়নের লুঙ্গিতে কামড় দিয়ে সামনে যাওয়ার ইঙ্গিত করে। তখন মধু মিয়া বাড়ির লোকজন সাথে নিয়ে কুকুরের পিছনে পিছনে যেতে থাকেন।
৩ কিলোমিটার যাওয়ার পর এক সময় কুকুরটি নতুন বাজারে অবস্থিত একটি (কসাইয়ের) মাংসের দোকানে এসে মাংস, চামড়া ও দড়ি তছনছ করতে থাকে। তখন উপস্থিত লোকজনের সন্দেহ হলে তারা গরুর চামড়া ও দড়ি দেখে মধু মিয়ার চুরি যাওয়া গরুর বলে সনাক্ত করেন।
খবর পেয়ে হোসেনপুর পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন ও সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন ঘটনাস্থল থেকে মধু মিয়ার চুরিকৃত ওই গরুর চামড়া ও দড়ি উদ্ধার করে ইউপি চেয়ারম্যান সিরাজের জিম্মায় রাখা হয় এবং গ্রাম্য বিচারে সিদ্ধান্ত হয় কসাই গরুর মালিককে ৬৫ হাজার টাকা ক্ষতি পূরণ প্রদান করবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।