জার্মানবাংলা ডেস্ক: দেশের চার জেলা গাজীপুর, খুলনা, লালমনিরহাট ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। আজ শুক্রবার ভোর থেকে সকাল ৯টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলার মঠবাড়ী এলাকায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে কাজী আহসানুল হক পাভেল (৪১) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহসানুল ঢাকার বনশ্রী এলাকার কাজী এমদাদুল হকের ছেলে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) চান মিয়া গণমাধ্যমকে জানান, আজ সকালে কালীগঞ্জ থেকে প্রাইভেটকার চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন আহসানুল। এসময় সঙ্গে তার এক বন্ধু ছিলেন। পথে উলুখোলা মঠবাড়ী এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আহসানুল মারা যান এবং তার বন্ধু আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা লাশ উদ্ধার এবং আহতকে হাসপাতালে নিয়ে যায়।
খুলনা: খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ডুমুরিয়ার পূর্ব ঝিলের ডাঙ্গায় ড্রাম ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাইকগাছা আমাদী ইউনিয়নের জায়গীরমহল গ্রামের নজরুল মোল্লা (৪৫) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকী (৩৫)। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, সকালে মোটরসাইকেলে করে তারা পাইকগাছা থেকে ডাক্তার দেখাতে খুলনায় আসছিলেন। পথে পূর্ব ঝিলের ডাঙ্গায় এলে ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে স্বামীও মারা যান।
লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলায় বাসের ধাক্কায় ট্রাকের সহকারী চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উমাপতি হরনারায়ন এলাকার শামছুল হকের ছেলে মোস্তাফিজার রহমান (১০) ও রংপুর শহরের সাতমাথা বালাটারী এলাকার সহকারী ট্রাক চালক আবুল কাশেম (৪৫)।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম গণমাধ্যমকে জানান, সকালে রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি ট্রাক সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় চাকা বিকল হয়ে যায়। সেই ট্রাক সচল করতে চালক কাজ করছিলেন। ট্রাকটির কাছ দাঁড়িয়ে শিশু মোস্তাফিজার ও তার পরিবারের লোকজন চাকা মেরামতের কাজ দেখছিলেন।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী হক পরিবহনের একটি বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে শিশু মোস্তাফিজার ও সহকারী ট্রাক চালক আবুল কাশেম ঘটনাস্থলেই মারা যান। আহত হন বাসের অন্তত ১০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে সদর থানা পুলিশ বাস ও ট্রাক দুটি সরিয়ে রংপুর কুড়িগ্রাম মহাসড়ক যোগাযোগ সচল করে বলে জানান তিনি।
ফেনী: ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া নামক স্থানে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
আজ শুক্রবার ভোরে লেমুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।