বায়েজীদ (গাইবান্ধা): একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। চলছে গণনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম তফসিলে প্রতীক বরাদ্দের পর গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী গত বছরের ১৯ ডিসেম্বর মারা গেলে ৩০ ডিসেম্বর এই আসনের ভোট বন্ধ থাকে। প্রার্থীর মৃত্যুতে বন্ধ থাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে আজ রবিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
এ আসনে প্রতিদ্বন্দ্বী পাঁচজন প্রার্থীর মধ্যে মহাজোটের আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও জাতীয় পার্টির প্রার্থীই আছেন তিনজন। তারা হলেন, নৌকা প্রতীক নিয়ে আ’লীগ প্রার্থী ডা. মো. ইউনুস আলী সরকার, মশাল প্রতীক নিয়ে জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি ও লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী। অপর দুই প্রার্থীর একজন আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি)মিজানুর রহমান তিতু ও অন্যজন সিংহ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আমেরীকা প্রবাসী আবু জাহিদ নিউ। তবে মনোনয়নপত্র দাখিল করলেও ভোট কারচুপি ও অনিয়মের আশংকায় ১০ জানুয়ারী নির্বাচন থেকে সড়ে দাঁড়ান ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক,মই প্রতীক নিয়ে বাসদের সাদেকুল ইসলাম ও হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হানিফ দেওয়ান।
এছাড়া নির্বাচনে ভোট কেন্দ্র দখল, সিল মারাসহ নানা অনিয়মের অভিযোগ এনে রবিবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জাসদের মশাল প্রতীকের প্রার্থী এস.এম খাদেমুল ইসলাম খুদি।
এ আসনের ১৩২টি ভোট কেন্দ্রে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা। সাদুল্লাপুর ও পলাশবাড়ী দুই উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৯৪১ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ১১ হাজার ১০৮ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৭৪৬ জন। সাদুল্লাপুর উপজেলায় ২ লাখ, ২৩ হাজার ৬৯৩ জন এবং পলাশবাড়ী উপজেলায় ১ লাখ, ৮৮ হাজার ২৪৮ জন ভোটার দুই উপজেলার ২০টি ইউনিয়নের ১৩২টি ভোটকেন্দ্রে তাদের ভোটারধিকার শান্তিপূর্ণ পরিবেশে প্রয়োগ করছেন। গাইবান্ধা-৩ সংসদীয় আসনে ১৩২ জন প্রিজাইডিং অফিসার, ৭৮৬ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৫৭২ জন পোলিং অফিসার ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন।