বায়েজীদ (গাইবান্ধা): একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বিছিন্ন ঘটনা ছাড়াই রবিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। আসনটিতে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মো. ইউনুস আলী সরকার ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট পেয়ে বেসরকারীভাবে পূনঃনির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী ২৪ হাজার ৩৮৫ ভোট পেয়েছেন।
এদিকে রবিবার ভোট চলাকালীন আড়াইটার দিকে ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে মশাল প্রতীক নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) মনোনিত প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি ভোট বর্জন করেছেন।
সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মতিন বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, ১৯ ডিসেম্বর দিবাগত রাতে ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীক প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ার কারণে গাইবান্ধা-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে পুনঃতফসিল অনুযায়ী রবিবার (২৭ জানুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।