রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদন শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু, সাঈদ আহমেদ রাজা এবং জাহাঙ্গীর হোসেন।
আদেশের পর আইনজীবী মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, যাত্রাবাড়ীর এ মামলাসহ মোট আটটি মামলায় সাবেক প্রধান বিচারপতি জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে বর্তমানে আর কোনো মামলা বিচারাধীন নেই এবং নতুন কোনো মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। ফলে তার মুক্তির ক্ষেত্রে আপাতত কোনো আইনি বাধা নেই বলে তিনি উল্লেখ করেন।
এর আগে গত ২৩ মে পৃথক সাতটি মামলায় জামিন পান এ বি এম খায়রুল হক। তবে একই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে খোয়াইব নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে খোয়াইব নিহত হন। পরে একই বছরের ১৬ নভেম্বর নিহতের ভাই জোবায়ের আহম্মেদ যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করা হয়। ওই মামলার অন্যতম আসামি হিসেবে কারাগারে ছিলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।