রাইসুল আলম রবিন, খুলনা প্রতিনিধি: খুলনায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এসে পৌঁছেছে। মঙ্গলবার দুপুরে ইভিএম সরঞ্জাম খুলনা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ট্রেজারি শাখায় জমা রাখা হয়েছে। এর আগে সোমরার রাতে নির্বাচন কমিশন থেকে ৩টি কাভার্ড ভ্যানে ইভিএম সরঞ্জাম পাঠানো হয়। রিটার্নিং অফিসারের পক্ষ থেকে ইভিএম সরঞ্জাম গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
ইভিএম সরঞ্জামের মধ্যে রয়েছে ১ হাজার ৪৪০টি কন্ট্রোল ইউনিট, ১ হাজার ৪৪০টি ব্যাটারি, ১ হাজার ৪৪০টি ব্যালট ইউনিট, ১ হাজার ৪৪০টি ল্যাপটপ মনিটর এবং ৮৭৭টি থার্মাল পেপার।
জেলা প্রশাসনের সহকারী নাজির শেখ মোঃ নাজমুল হুদা ও এসআই হুমায়ুন কবির বলেন, নির্বাচন কমিশন থেকে প্রেরিত খুলনা-২ আসনের ১৫৭টি কেন্দ্রের জন্য প্রয়োজনীয় ইভিএম মেশিন বুঝে নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী এসব সরঞ্জাম নির্বাচনের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।
উল্লেখ্য, খুলনা-২ আসনে ১৫৭টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ৬৫৩টি কক্ষে চলবে ইভিএম ভোটিং সিস্টেম। এ আসনে ইভিএম এর আওতাভুক্ত ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৮৩ জন। সব ভোটারকেই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।