বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি রাজধানীতে পৌঁছান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে অবতরণ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানানো এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ভারতের সহমর্মিতা প্রকাশ করতেই এস জয়শঙ্করের এই সংক্ষিপ্ত ঢাকা সফর।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকেও শোক ও সমবেদনা জানানো হয়।
১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণকারী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকারপ্রধান হিসেবে ইতিহাসে স্থান করে নেন।
রাষ্ট্র পরিচালনা ও রাজনীতিতে দীর্ঘ ও ঘটনাবহুল পথচলায় বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম হয়ে থাকবেন।