নিজস্ব প্রতিবেদক:
সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছে থেকে ধান ক্রয় করে কৃষক বাঁচানো, অবিলম্বে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশেধসহ ৯ দফা বাস্তবায়ন এবং ঈদের আগে শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস নিশ্চিত করার দাবিতে আজ ২৪ মে সকাল এগারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্সের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক রুখসানা আফরোজ আশা, স্কুল বিষয়ক সম্পাদক সজল বাড়ৈ, সুষ্মিতা মরিয়ম, ঢাকা নগরের সাধারণ সম্পাদক মুক্তা বাড়ৈ, রাজিব কান্তি রায় প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, দেশের মোট শ্রম শক্তির ৪১ ভাগ কৃষি খাতে নিয়োজিত জিডিপিতে কৃষির অবদান ১৪.৫% অথচ সেই কৃষক ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। কৃষকরা দেশের ১৭ কোটি মানুষের আহার যোগায়। তারা দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছে। এত বড় কাজের জন্য তাদের পুরষ্কার পাওয়ার কথা অথচ সেই কৃষক মনের দুঃখে ক্ষোভে ধান ক্ষেতে ও ধানের বস্তায় আগুন লাগিয়ে দিচ্ছে। সরকার মণ প্রতি দানের দাম ১০৪০ টাকা নির্ধারণ করলেও বাজারে ধানের দাম ৫০০-৫৫০ টাকা মণ। কৃষি অধিদপ্তর বলছে এক কেজি ধান উৎপাদনে খৃষকের খরচ হয় ১৭ টাকা, বাজারে বর্তমানে দাম ১ কেজি ১৩ টাকা। প্রতি কেজিতে ৪ টাকা লোকসান দিচ্ছে কৃষক। ১ বিঘা জমিতে কৃষকরা ৬৫০০ টাকা পর্যন্ত লোকসান দিচ্ছে। সরকার ঋণখেলাপীদের, ব্যাংক মালিকদের, শিল্প মালিকদের ছাড় দিচ্ছে কিন্তু কৃষকদের লাভজনক দাম নিশ্চিত করতে সরকার কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। উল্টো খাদ্য মন্ত্রী বলেছেন কৃষকরা ষড়যন্ত্র করে ধানে আগুন লাগিয়েছে। তিনি বলেন তারা ২০০ টাকা দিয়ে বার্গার খেতে পারে কিন্তু চালের দাম ২ টাকা বেশি দিতে পারে না। অন্যদিকে কৃষিমন্ত্রী বলছেন ধানের দাম নিয়ে তার কিছু করার নেই।
নেতৃবৃন্দ আরও বলেন, শুধুমাত্র খুলনা অঞ্চলের ৯টি পাটকল শ্রমিকদের ১২ সপ্তাহের মজুরি ও কর্মকর্তা কর্মচারীদের ৩-৪ মাসের বকেয়া বেতন বাবদ পাওনা ৭৫ কোটি ১৪ লাখ টাকা। কিন্তু ঐ ৯টি পাটকলে ৩২৫ কোটি টাকার উৎপাদিত পাট পণ্য মজুত আছে। মৌসুমে ১২০০/১৫০০ টাকা মণ দরের পাট সময়মতো না কিনে পরে ২৫০০/৩০০০ টাকা দিয়ে ব্যবসায়ী ও ফড়িয়াদের কাছ থেকে কেনার ফলে যে ক্ষতি হয় তার দায়িত্ব কেন শ্রমিকেরা নেবে। অর্থমন্ত্রণালয় কেন সময়মতো অর্থ ছাড় করে না। এসবই শাসক লুটেরাদের চক্রান্ত। ইতোমধ্যে খবর প্রকাশিত হয়েছে একটি চক্রান্তের অংশ হিসেবে সরকার পাটকলগুলো পিপিপি’র মাধ্যমে লুটেরা মালিকদের হাতে তুলে দেওয়ার জন্যই পরিকল্পিতভাবে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন না দেয়া ও মজুরি কমিশন বাস্তবায়ন করছে না।
নেতৃবৃন্দ, অবিলম্বে প্রতিটি ইউনিয়নে ও হাটে সরকারি ক্রয় কেন্দ্র খুলে সরকার নির্ধারিত দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা এবং প্রতিটি উপজেলায়/ ইউনিয়নে খাদ্য গুদাম নির্মাণ করার দাবি জানান। সরকারের ভুলনীতি পরিহার ও দুর্নীতি বন্ধ করে পাটকল-পাট চাষীদের রক্ষা ও ধর্মঘটি পাটকল শ্রমিকদের বকেয়া বেতনসহ ৯ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে ঈদের আগেই সকল শ্রমিক কমচারীদের বেতন বোনাস নিশ্চিত করার দাবি জানান।