সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস।চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে বিশ্বজুড়ে মোট আক্রান্ত ১৪ লাখ ২৯ হাজার ৪৩৭ জন , মৃতের সংখ্যা ৮২ হাজার ৭৩ জন।
এখন পর্যন্ত জার্মানি থেকে আক্রান্তের সংখ্যা ১,১৩,২৯৬ জন, মৃতের সংখ্যা ২,৩৪৯ জন, সুস্থ হয়েছে ৪৬,৩০০ জন।
জার্মানিতে এখন পর্যন্ত ১৫জন প্রবাসী বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। বাকী আক্রান্ত ১০জনের মধ্যে ২জন আইসোলেশনে, ৪জন হাসপাতালে এবং ৪জনকে হোম কোয়ারেন্টাইনে আছেন। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ এই তথ্য জানিয়েছেন। আশার খবর হচেছ, এখন পর্যন্ত জার্মানীতে করোনায় আক্রান্ত কোনো বাংলাদেশীর মৃত্যুর ঘটনা ঘটেনি।
ইউরোপের মধ্যে জার্মানীতে আক্রান্তের তুলনায় মৃত্যুর সংখ্যা অতি নগন্য হলেও ইউরোপের অন্যান্য দেশে ব্যাপক আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় জার্মানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের উদ্বেগ এখনো কাটেনি।
বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের শীর্ষ দেশগুলোর তালিকায় জার্মানির অবস্থান চতুর্থ। তারপরও দেশটিতে প্রাণহানির সংখ্যা অনেক কম। দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অন্যান্য অনেক দেশে পরীক্ষা না করানোর কারণে দ্রুত বিস্তার ঘটছে; যেটি জার্মানিতে হচ্ছে না।