সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, এখন স্পষ্টভাবে বলা যায়- ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র উৎপাদন অব্যাহত রাখবে।
সাবেক রুশ প্রেসিডেন্ট ও দেশটির সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি আনাতোলিয়েভিচ মেদভেদেভ দাবি করেছেন, ইরানকে একাধিক দেশ পারমাণবিক ওয়ারহেড সরবরাহ করতে প্রস্তুত আছে।
রাশিয়ার এক মেয়াদের সাবেক এই প্রেসিডেন্ট ও দুই মেয়াদের প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে সেখানে কমেন্টে এই দাবি করেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মেদভেদেভের সম্পর্ক নিবিড়। পুতিন প্রধানমন্ত্রী থাকার সময় তিনি ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। আবার পুতিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২০ সাল থেকে পাঁচ বছর ধরে মেদভেদেভ সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে আছেন।
ইরানের যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় এক্সে পোস্ট করে তিনি লেখেন, “যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় রাতের বেলায় হামলা চালিয়ে কী অর্জন করেছে?”
মেদভেদেভ আরো লেখেন, “পারমাণবিক জ্বালানিচক্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো হয় অক্ষত রয়েছে, নয়তো কেবল সামান্য ক্ষতির শিকার হয়েছে বলে মনে হচ্ছে।”
সেই পোস্টের কমেন্টে সাবেক রুশ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের আক্রমণের সম্ভাব্য ফল কী হতে পারে, সে ব্যাপারেও দুটি বিষয় ব্যাখ্যা করেন।
তিনি লেখেন, “পারমাণবিক উপাদান সমৃদ্ধকরণ — এবং এখন তা স্পষ্টভাবে বলা যায়, ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র উৎপাদন — অব্যাহত থাকবে।”
পরক্ষণে লেখেন, “বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি নিজেদের পারমাণবিক ওয়ারহেড সরবরাহ করতে প্রস্তুত।”
অবশ্য কোন কোন দেশ পরমাণু অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত, সে বিষয়ে রুশ নেতা কিছু বলেননি।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন পরমাণু অস্ত্রে সজ্জিত। তারা পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তিতে সই করেছে।
এর বাইরে ভারত, পাকিস্তান ও ইসরায়েলে নিশ্চিতভাবেই পারমাণবিক অস্ত্র আছে। উত্তর কোরিয়ারও আছে বলে ধারণা করা হয়। এই দেশগুলো পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তিতে সই করেনি।
ইরান অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে, এমন অভিযোগ এনে গত রাতে ইরানের ফোরদো, ইসফাহান এবং নাতানজ পরমাণু স্থাপনায় আঘাত করে যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমান।
পেন্টাগনের ব্রিফিংয়ে দেশটির জয়েন্ট চিফস অফ স্টাফের এয়ার ফোর্স জেনারেল ড্যান কেইন বলেন, “তিনটি কেন্দ্রেই অত্যন্ত চরম ক্ষয়ক্ষতি ও ধ্বংস সাধিত হয়েছে।”
ইরানের পারমাণবিক কর্মসূচির সূচনা হয় শাহ মোহাম্মদ রেজা পাহলভির আমলে। বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত এই শাসকের এই উদ্যোগে সহযোগিতাই করেছিল পশ্চিমারা। সে সময় ২০ বছরে ২০টি পারমাণবিক স্থাপনা গড়ে তোলার ঘোষণা ছিল।
তবে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর পশ্চিমা দেশগুলো সহায়তা বন্ধ করে দেয়। তারা আশির দশক এবং ২০০০ সালের পর থেকে পারমাণবিক স্থাপনার সামরিক ব্যবহারের অভিযোগ আনতে থাকে।
দেশটি বরাবর তার কর্মসূচি শান্তিপূর্ণভাবে ব্যবহারের কথা বললেও পশ্চিমারা অভিযোগ করতে থাকে যে তারা অস্ত্র তৈরি করছে।
ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে- এমন অভিযোগ এনে গত ১৩ জুন দেশটিতে হামলা শুরু করে ইসরায়েল। পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় জবাব দেয় ইরানও।
গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার অনুমোদন দিয়েও পরে দুই সপ্তাহ অপেক্ষার কথা বলেন। তবে গত রাতে একযোগে তিনটি স্থাপনায় হামলা ইরান-ইসরায়েল সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে।