জার্মান-বাংলা ডেস্ক:
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ ও পরিচালনা পরিষদের সদস্য কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, কমরেড খালেকুজ্জামান, কমরেড শাহ আলম, কমরেড সাইফুল হক, কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, জোনায়েদ সাকি, মোশাররফ হোসেন নান্নু, মোশরেফা মিশু, হামিদুল হক, শুভ্রাংশু চক্রবর্ত্তী, অধ্যাপক আব্দুস সাত্তার, আকবর খান সংবাদপত্রে দেয়া এক যুক্ত বিবৃতিতে গত ১৬ মে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋণখেলাপীদের ছাড় দিয়ে সার্কুলার জারির ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন এবং আদালত কর্তৃক স্থগিত সময়ের অপেক্ষা না করে অবিলম্বে ঐ সার্কুলার প্রত্যাহারের জোর দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, দেশে এক শ্রেণি অসাধু ব্যবসায়ী ও লুটেরা গোষ্ঠী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করে আত্মসাৎ করে বিদেশে অর্থ পাচার করে চলেছে। যার মধ্য দিয়ে এক খেলাপী চরিত্র গড়ে ওঠেছে। যা দেশকে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
বিবৃতিতে বলা হয়, শতকরা ২ ভাগ এককালীন টাকা পরিশোধ করে এবং ৯% সুদ দিয়ে ১০ বছরের জন্য খেলাপীঋণ নিয়মিত করার সুযোগ দেয়ার সার্কুলার ঋণখেলাপীদের উৎসাহিত করবে এবং অর্থ পাচার বাড়বে। বাম জোটসহ অপরাপর দেশ প্রেমিক জনগণ এই ঋণখেলাপীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে আসলেও সরকার বারে বারে তাদেরকে পুরষ্কৃত করে আসছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাম জোট ঋণখেলাপীদের ব্যাপারে যে বক্তব্য দিয়ে আসছিল তা আজ দেশের সর্বোচ্চ আদালতের বিচারকদের কাছ থেকেও শোনা যাচ্ছে। ফলে ঋণখেলাপীদের পুরষ্কৃত নয় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং খেলাপী মনষ্ক খেলাপীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়। একই সাথে লুটেরা ব্যাংক ডাকাতদের আশ্রয়দানকারী ব্যবসায়ী অর্থমন্ত্রীকে দায় নিয়ে তাঁর পদত্যাগও দাবি করা হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ লুটেরা ব্যাংক ডাকাত-ঋণখেলাপীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সকল বাম প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দল, ব্যক্তি, গোষ্ঠীর প্রতি উদাত্ত আহ্বান জানান।