রেজাউল করিম বিপ্লব,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি:ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর অফিসসহ পৌর শহরের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ও বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গত রোববার রাত ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঈশ্বরগঞ্জ পৌরশহরের বিভিন্ন মহল্লায় এসব ঘটনা ঘটেছে। উপজেলা পরিষদ নির্বাচনের ফল ঘোষণার পর নৌকা সমর্থকরা পৌরশহরের পাটবাজারস্থ বদরুল আলম প্রদীপের চেম্বার স্টেশনরোডে সাবেক মেয়র হাবিববুর রহমানের বাসভবন উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফুল্লাহেল মাজেদের বাসভবন উপজেলা বিএনপির কাঠগোলাস্থ অস্থায়ী কার্যালয় ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম মনির বাসায় হামলা চালিয়ে ভাংচুর করা হয় বলে বদরুল আলম প্রদীপ অভিযোগ করে জানান।
এ ব্যপারে বিজয়ী প্রার্থী মাহমুদ হাসান সুমনের ভাই উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খায়েরের সাথে কথা হলে তিনি তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন তাদের নেতা কর্মীরা এ সব ঘটনার সাথে জড়িত নন। এ সব ঘটনার প্রেক্ষিতে বদরুল আলম প্রদীপ হামলা কারীদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। এ ঘটনায় জড়িত সন্দেহে আতাউর ও সুজন নামে দুজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।