গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, আগামী ১৫ মার্চ থেকে এই সরবরাহ কার্যকর হবে এবং জ্বালানির কারণে পরিবহন ভাড়া বাড়ার কোনো সম্ভাবনা নেই।
শুক্রবার ঈদযাত্রার প্রথম দিনে ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আশ্বস্ত করে বলেন, জ্বালানি ঘাটতির কারণে পরিবহন ব্যবস্থায় কোনো ধরনের সংকট তৈরি হবে না।
ঈদ উপলক্ষ্যে যাত্রীচাপ প্রসঙ্গে তিনি বলেন, মাত্র কয়েক দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ রাজধানী ছাড়েন। এত অল্প সময়ের মধ্যে এত মানুষের যাতায়াত নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হলেও তা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, স্বাভাবিক রেল চলাচল বজায় রাখতে ৮৫ থেকে ৮৭টি লোকোমোটিভ প্রয়োজন। বর্তমানে ৭৮টি লোকোমোটিভ সংযুক্ত করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েকটি যুক্ত হলে পরিস্থিতি আরও স্বস্তিদায়ক হবে।