যুক্তরাষ্ট্র ইরানে হামলার আগে ইসরায়েলকে শত শত হেলফায়ার ক্ষেপণাস্ত্র গোপনে সরবরাহ করেছে। নির্ভুল হামলা চালাতে এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহৃত হয়। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েলে প্রায় ৩০০টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠানো হয়। এটি ছিল একটি বড় পরিসরে অস্ত্র মজুদ করার প্রস্তুতি। অথচ ওই সময় ট্রাম্প প্রশাসন ঘোষণা দিচ্ছিল, তারা ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় যেতে প্রস্তুত।
দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই পরিমাণ ক্ষেপণাস্ত্র সরবরাহ ইঙ্গিত করে ট্রাম্প প্রশাসন আগেই ইসরায়েলের ইরান আক্রমণের পরিকল্পনা সম্পর্কে জানত।
এই ঘটনার আগে যুক্তরাষ্ট্রের এত বড় পরিমাণ অস্ত্র সরবরাহের কথা প্রকাশ্যে আসেনি।
রয়টার্সকে দুইজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের দিকে আসা ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সাহায্য করেছিল।
হেলফায়ার হলো লেজার-নির্দেশিত আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। এগুলো ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের জন্য নয়, বরং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার কাজে ব্যবহার হয়।
শুক্রবার ইসরায়েলের হামলায় ১০০টিরও বেশি বিমান অংশ নেয়। তারা নির্ভুল ট্র্যাকিংয়ের মাধ্যমে শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালায়।
একজন শীর্ষ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, “হেলফায়ার ব্যবহারের নির্দিষ্ট সময় ও প্রেক্ষাপট থাকে। ইসরায়েলের জন্য এগুলো কার্যকর ছিল।”
মিডল ইস্ট আই জানিয়েছে, ট্রাম্প প্রশাসন বহু মাস আগেই ইসরায়েলের এই হামলার পরিকল্পনার বিষয়ে অবগত ছিল।
মার্চ ও এপ্রিলে সিআইএ-কে ইসরায়েলের একতরফা ইরান হামলার পরিকল্পনা জানানো হয়। ইসরায়েলের লক্ষ্য নির্ধারণ প্রযুক্তি ও সাইবার হামলার কৌশল ট্রাম্প প্রশাসনকে ‘প্রভাবিত’ করেছিল।
তবে সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্পের আচরণ দেখে পর্যবেক্ষকরা এবং সম্ভবত ইরানিরাও ধারণা করেছিল যে তিনি ইসরায়েলের প্রকাশ্য চাপ সত্ত্বেও হামলায় অংশ নেবেন না।
দুজন ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন শুধু ‘ভান করছিল’ যে তারা ইসরায়েলের হামলার বিরোধিতা করছে। বাস্তবে তারা কোনো বাধা দেয়নি।
ট্রাম্প পরে জানান, তিনি ইরানকে নতুন পারমাণবিক চুক্তির জন্য ৬০ দিনের সময়সীমা দিয়েছিলেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের মতে, এই সময়সীমা শুরু হয় ২০২৫ সালের মার্চে।
১২ এপ্রিল ২০২৫ থেকে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা শুরু হয়। এর ঠিক ৬১ দিন পরে ইসরায়েল ইরানে হামলা চালালো।
সম্প্রতি আলোচনায় অচলাবস্থা তৈরি হয়, কারণ যুক্তরাষ্ট্র চায় ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করে। আর তেহরান বলেছে, তারা স্বল্পমাত্রায় সমৃদ্ধকরণের অধিকার ছাড়বে না।
এই আলোচনা চলার সময়েও ট্রাম্প প্রশাসন ধারাবাহিকভাবে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে বলে জানান দুই মার্কিন কর্মকর্তা।
এই অস্ত্র সরবরাহের জন্য নতুন করে কংগ্রেসের অনুমোদনের দরকার হয়নি। কারণ ফেব্রুয়ারিতে কংগ্রেসকে জানানো সাত দশমিক চার বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তির অধীনেই এই সরবরাহ ছিল, যেখানে বোমা, ক্ষেপণাস্ত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতি অন্তর্ভুক্ত ছিল।