মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যেই ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিউইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশ অংশ নেয় এবং চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে।
বৈঠকের ঠিক আগ মুহূর্তে জেনেভায় কূটনৈতিক আলোচনায় বসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এই আলোচনা এবং জাতিসংঘের পদক্ষেপ সংঘাত প্রশমনে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টারই অংশ।
অন্যদিকে, সংঘাতের সপ্তম দিনে শুক্রবার ইরানের দিক থেকে ইসরায়েলের বিভিন্ন স্থানে ছোড়া হয় নতুন ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে। জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দও শোনা গেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইসরায়েলি বিমান বাহিনী ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।
উল্লেখ্য, ১৩ জুন ইরানের একটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই সামরিক উত্তেজনার সূচনা হয়। এরপর থেকেই চলতে থাকে পাল্টাপাল্টি হামলা—যা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে যদি এটি পারমাণবিক প্রকল্প ও জ্বালানিবিষয়ক অবকাঠামোকে কেন্দ্র করে বিস্তৃত হয়।
জাতিসংঘ সূত্র জানায়, নিরাপত্তা পরিষদের এই বৈঠক থেকে একটি যৌথ বিবৃতি বা প্রস্তাব গৃহীত হতে পারে, যেখানে উভয় পক্ষকে শান্তি প্রতিষ্ঠায় আহ্বান জানানো হবে।
সূত্র: বিবিসি, রয়টার্স।