শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানকে দেখিয়ে দিলো বাংলাদেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
আফগানিস্থানকে ৬২ রানে হারাল বাংলাদেশ

জার্মান-বাংলা ডেস্ক: খেলা শুরুর আগেই রণহুংকার ছিলো আফগানদের। তারা বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে জেতার ফিরিস্তি দিচ্ছিলেন। এই একটি ম্যাচ থেকেই তারা জয়ের সুবাতাস নিতে চান এমন কথা হরহামেশা বলছিলেন। কিভাবে বাংলাদেশকে হারাতে হবে তার ফিরিস্তিও তারা এটে রেখেছিলেন। বিশ্বের একনম্বর অলরাউন্ডারকে কিভাবে আটকাবেন সে পরিকল্পনা তাদের রয়েছে বলে সংবাদকর্মীদের কাছে জানিয়েছিলেন। তার জন্য রশিদ খান প্রস্তুত এমন হুংকার সাউদাম্পটনের মাঠে ছড়িয়ে দেওয়া হচ্ছিলো। কিন্তু কোনকিছুই কাজে আসেনি। অবশেষে সেই মরণাস্ত্রের আঘাতে তাদের ব্যাটিংলাইন বিধ্বস্ত। সাকিবের স্পিনবিষে বাঘা বাঘা আফগান ধরাশায়ী। এই ম্যাচ থেকে তিনি তুলে নিলেন বিশ্বকাপে তার পাঁচ উইকেট। একজন বোলারের স্বপ্নের স্পেল। বলা যেতে পারে তিনি একাই ধসিয়ে দিলেন আফগান লাইনআপ।
* এই জয়ে টিকে থাকল বাংলাদেশের সেমিফাইনাল আশা। ৭ ম্যাচে ৭ পয়েন্ট বাংলাদেশের

কেমন খেললো বাংলাদেশ?
ইনিংসের অর্ধেক পার হয়ে যাওয়ার পর এমন দৃশ্য দেখতে পাওয়াটা একটু বিরলই বটে। বিশ্বকাপের ‘মহা গুরুত্বপূর্ণ’ ম্যাচে তো অভাবিত! আজ সাকিব আল হাসানের সৌজন্যে সেটিও দেখা হয়ে গেল। ওয়ানডেতে এমন ফিল্ডিং প্রতিপক্ষের ‘ছোটত্ব’কে চোখে আঙুল তুলে দেখিয়ে দেওয়া। ম্যাচটা টেস্ট, নাকি ওয়ানডে! আফগানিস্তান ইনিংসের তখন ৩১তম ওভার। উইকেটের পেছনে স্লিপে দাঁড়ানো একজন। উইকেটের পেছনে না হোক, সামনের দিকে তাকিয়ে যে একটু স্বস্তি খুঁজবেন ব্যাটসম্যান, সে উপায়টুকুও নেই। সিলি পয়েন্টেও যে ওত পেতে আছেন আরেকজন! ফুটবলে নাটমেগড হওয়ার মতোই সমান লজ্জার। আফগানদের সেই লজ্জাই দিতে চেয়েছিল বাংলাদেশ। এই ম্যাচের আগে আফগান অধিনায়ক গুলবদিন নাইব যে ‘বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না’—এমন গা জ্বলুনি কথা শুনিয়েছিলেন। এও বলেছিলেন, আমরা তো ডুবছিই, বাংলাদেশকে নিয়েই ডুবব। বাংলাদেশ ‘হালকা’ নয়, আফগানরা ভালো করেই বুঝল। সেই ভারে নিজেরাই ডুবে গেল আরও অতলে।
আর বাংলাদেশের সেমিফাইনাল আশা এখনো রইল জেগে। গুলবদিনের কথাগুলো স্রেফ গুলতাপ্পি প্রমাণ হয়ে গেল। এখন ওই বদন তিনি কোথায় লুকোবেন! অহমে চোট লাগলে সাকিব আল হাসান কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন, সেটিই যেন আজ নতুন করে টের পেল আফগানিস্তান। ব্যাটে বলে আজ সমান উজ্জ্বল সাকিব। নাহ্‌, বোলিংয়েই ঔজ্জ্বল্য ছড়ালেন বেশি। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ৫ উইকেট নিলেন। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে মোট ১ হাজার রান পূর্ণ হলো। আর এবারের আসরে আবারও ফিরলেন শীর্ষ রানের মালিকের তালিকায়। বিশ্বকাপ ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই ম্যাচে ৫০ রান ও ৫ উইকেটের ডাবল কীর্তিও হলো।

এক সাকিব থেকেই আফগানদের দূরত্ব কত দূর—সেটাই আজ বুঝিয়ে দিল বাংলাদেশ। সাকিব নিজে ম্যাচ শেষে মুশফিকের কথা বলেছেন। দলের বিপদের সময় নেমে প্রায় শেষ পর্যন্ত থেকে ৮৩ রানের ইনিংসটির কারণে তিনিও বাহবা পাবেন। মুশফিক শেষ পর্যন্ত ছিলেন বলেই বাংলাদেশ ৭ উইকেটে ২৬২ রান তুলতে পেরেছে। সাউদাম্পটনের এ মাঠে এই স্কোর আরও বড়। বাংলাদেশ সেটাই প্রমাণ করে দিল শেষ পর্যন্ত, আফগানদের ২০০ রানে অলআউট করে দিয়ে।

ব্যাট হাতে প্রতি ম্যাচে রান পেয়েছেন বলেই কি না, আজ বোলার সাকিবের মাহাত্ম্যই বড় হয়ে দেখা দিল। ১০ ওভার পার হয়ে গেছে, অথচ মাশরাফি তখনো স্পিনত্রয়ীর কাউকেই আক্রমণে আনেননি। আফগানিস্তানের স্কোরবোর্ডেও ততক্ষণে উঠে গেছে ৪৮ রান। অস্বস্তি তখন একটু একটু করে উঁকি দিতে শুরু করেছে। একাদশ ওভারে আক্রমণে এসে অস্বস্তির মেঘ প্রথম দূর করলেন সাকিবই। রহমত শাহকে মিড অনে তামিম ইকবালের ক্যাচ বানিয়ে জানান দিয়ে রাখলেন, বাংলাদেশ নয়, আজকের ম্যাচে ডুববে শুধু আফগানিস্তানই।

তবে সাকিব নিজের বোলার সত্তার সেরাটা দেখালেন ইনিংসের ২৯তম ও নিজের পঞ্চম ওভারে। মাত্র দুই উইকেট হারিয়েই ১০০ পার করে ফেলেছে আফগানিস্তান, বাংলাদেশের সমর্থকদের কপালে আবারও দুশ্চিন্তার ভাঁজ। শর্ট কভারে দুজন ফিল্ডার রেখে গুলবদিনের জন্য টোপ পাতলেন সাকিব, প্রথম বলেই পাতা ফাঁদে পা দিয়ে দিলেন আফগান অধিনায়ক। লিটন দাসকে সুযোগ করে দিলেন, তাঁর ‘অন্যায়’ আউটের প্রায় হুবহু রিপ্লে করে প্রতিশোধ নেওয়ার। লিটন নিলেন পরিষ্কার ক্যাচ, তৃতীয় আম্পায়ার-সফট সিগনাল কিছুই লাগল না।

জয়ের নায়ক সাকিব আল হাসান

ক্ষুধা তখনো সাকিবের মেটেনি। ওই ওভারে তিন বলে মধ্যে সাকিবের দ্বিতীয় আঘাত। আর্মবলটা বুঝতে পারলেন না মোহাম্মদ নবী। বোল্ড! এক ওভার বিরতি নিয়ে নিজের সপ্তম ওভারে আসগর আফগানকেও ডিপ মিড উইকেটে বানালেন সাব্বির রহমানের ক্যাচ। ৮ রানে তখন সাকিবের নামের পাশে ৪ উইকেট।

কিন্তু পঞ্চম উইকেটটা আর কিছুতেই মেলে না। বাংলাদেশেরও অপেক্ষা বাড়ায় আফগানদের অষ্টম উইকেট জুটি। মাত্র ৪৫ বলে ৫৬ রান তুলে দুর্বল চিত্তের সমর্থকদের মধ্যে উল্টো ভয়ের শিহরণ ছড়িয়ে দিতে শুরু করেছিল শেনওয়ারি-নজিবুল্লাহ জুটি। নজিবুল্লাহকে নিজের পঞ্চম শিকার বানিয়ে সে ভয়ও দূর করেছেন সাকিব। শুধু ৫ উইকেট পেয়েছেন বলে নয়, প্রতিটা উইকেটই একেকটা বাঁক বদলের সাক্ষী ছিল যেন।

বোলিংয়ের আগে ব্যাট হাতেও ধরে রেখেছেন বিশ্বকাপে নিজের দুর্দমনীয় গতি। ৫১ রানে মুজিব উর রেহমানের বলে ফেরার আগে পেয়েছেন টুর্নামেন্টে নিজের তৃতীয় ফিফটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে নয় রানের জন্য ফিফটিটা হাতছাড়া করলে এক বিশ্বকাপে টানা ৬ ইনিংসে ফিফটি করা একমাত্র ক্রিকেটারও হয়ে যেতে পারতেন। সেটি না হলেও আরেকটি অর্জন হয়েছে। ১০ ওভারে মাত্র ২৯ রানের বিনিময়ে ৫ উইকেট পাওয়া সাকিবের বোলিং ফিগার এখনো পর্যন্ত এ বিশ্বকাপে যেকোনো বোলারের মধ্যেই সেরা।

তবে বাংলাদেশকে ২৬২ রান অবদি পৌঁছে দিতে মুশফিক ও মোসাদ্দেকের ইনিংস দুটির অবদানও অনেক। মোসাদ্দেকের ২৪ বলে ৩৫ রানের ইনিংসটি জুগিয়েছে শেষ দিকের মোমেন্টাম।

৬২ রানের এই জয় বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্নের ক্যানভাসেও চড়াল আরেকটু রং। ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় অবস্থান এখন পাঁচে। এবার ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। এরপরই বোঝা যাবে, শেষ চারের স্বপ্ন পূরণ হলো কি না। তবে তৃতীয় জয় দিয়ে বিশ্বকাপ সেমিফাইনালের আশা টিকিয়ে রাখল বাংলাদেশ। ছবি: রয়টার্স

স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৬২/৭
আফগানিস্তান: ৪৭ ওভারে ২০০/১০
ফল: বাংলাদেশ ৬২ রানে জয়ী

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD