জার্মানবাংলা রিপোর্ট: আজ শনিবার (২ ফেব্রুয়ারি) বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে চা-চক্র অনুষ্ঠিত হবে।
গণভবনে আজ বিকাল সাড়ে ৩টায় এ আয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে নির্বাচনের আগে সংলাপে অংশ নিলেও এবার চা-চক্রে অংশ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।
এ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে শুক্রবার চিঠি দিয়েছেন তারা। চিঠিতে আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
সকালে গণভবনে ঐক্যফ্রন্টের পক্ষে চিঠি নিয়ে যান জোটের দফতরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, সমন্বয় কমিটির সদস্য আজমেরী বেগম এবং মিডিয়াপ্রধান জাহাঙ্গীর আলম।
চিঠিতে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুব্রত চৌধুরীর স্বাক্ষরে আনুষ্ঠানিকভাবে দাওয়াতে না যাওয়ার সিদ্ধান্ত জানানো হয়।
ঐক্যফ্রন্টের প্যাডে লেখা চিঠিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, ‘জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় মাননীয় প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণ অন্যতম এজেন্ডা হিসেবে আলোচিত হয়েছে। কমিটি এই চা-চক্রে অংশ না নেয়ার ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
চিঠিতে আরও বলা হয়, ‘৩০ ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে গঠিত সরকার কোনোভাবেই নৈতিক নয়। সেদিন দেশের মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা হরণ করা হয়েছে। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের হাজার হাজার নেতাকর্মী এখনও জেলে আছেন। নতুন নতুন মামলায় অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। এমন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর চা-চক্রে অংশগ্রহণ করা কোনোক্রমেই সম্ভব নয়।’