মার্কিন কারাগারে তিন বছর আটক থাকার পর অবশেষে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন ইরানি বিজ্ঞানী সিরুস আসগারি।এই বিজ্ঞানীর বিরুদ্ধে আমেরিকা থেকে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত তথ্য ‘চুরি ও তা ইরানে পাচার’ করার অভিযোগ আনা হয়েছিল। এসব অভিযোগ সব সময় ইরান অস্বীকার করেছে।
বুধবার (৩রা জুন) সকালে তেহরান বিমানবন্দরে ইরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসগারি অবতরণ করেন। ইরানে আটক একজন মার্কিন নাগরিকের মুক্তির বিনিময়ে আসগারিকে ছেড়ে দেয় আমেরিকা। তবে মার্কিন সরকার তার আটকাদেশ আরো বাড়াতে চেষ্টা করেছিল।
এর আগে মঙ্গলবার (২রা জুন) ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সিরুস আসগারির মুক্তি পাওয়ার খবরটি গণমাধ্যমকে জানিয়েছিলেন।
উল্লেখ্য, সিরুস আসগারিকে ২০১৭ সালে আমেরিকায় আটক করা হয়। সে সময় মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই অভিযোগ করেছিল যে, পাঁচ বছর আগে বিজ্ঞানী আসগারি তার ছাত্রদের সাথে আমেরিকাতে করা একটি প্রজেক্টের গোপন তথ্য শেয়ার করেছিলেন।