তোফাজ্জল হোসেন,মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে মগড়া নদীতে গোসল করতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে দুই শিশু নিখোঁজ হওয়ার একদিন পর মগড়া নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ডুবুরি দল।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও বাগজান গ্রামের সেলিম মিয়ার মেয়ে হিরামনি এবং একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেনির ছাত্রী ওই গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে লিজা আক্তার বাড়ির পেছনে মগড়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এ খবর পেয়ে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনা স্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে ব্যাপক প্রচেষ্টা চালায়।
শুক্রবার দুপুরে সংবাদ আসে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে কোঠুরীকোনার কান্দাবাড়ির মগড়া নদীর মাছের কাটায় লিজা আক্তারের লাশ এবং ওই দিন সন্ধ্যায় হিরামনির লাশ বাগজান গ্রামের মনসুর মেম্বারের বাড়ির পিছনের মগড়া নদীর মাছের কাটা থেকে উদ্ধার করেছে ডুবুরি দল।
ইউপি চেয়ারম্যান ফখরউদ্দীন আহমেদ নিখোঁজ দুই শিশু লিজা ও হিরামনির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, এ ব্যাপরে দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালীউল হাসান জানান, শিশু নিখোঁজের সংবাদ পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ডুবুরি দলকে খবর দেই। শুক্রবার সকাল থেকে ডুবুরি দল নিখোঁজদের উদ্ধার করতে ব্যাপক চেষ্টা চালিয়ে ৫ ঘন্টা ব্যবধানে দুটি লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।