বেতন ও বাড়ি ভাতার দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা বুধবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। দুপুর দুইটার দিকে তারা শাহবাগে এসে বসে পড়লে পুরো এলাকাজুড়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকরা পদযাত্রা শুরু করেন। শাহবাগের কাছাকাছি পৌঁছালে পুলিশ তাদের পথরোধ করে ব্যারিকেড স্থাপন করে। তবে শিক্ষকরা সেই ব্যারিকেড সরিয়ে সামনে অগ্রসর হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। কেউ কেউ রাস্তায় বসে পড়েন, আবার অনেকে শুয়ে থেকে কর্মসূচি চালিয়ে যান।
গত কয়েকদিন ধরে শিক্ষকরা বেতনের ২০ শতাংশ বাড়ি ভাতা প্রদানের দাবিতে আন্দোলন করছেন। ১২ অক্টোবর থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান শুরু করেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার দুপুর ১২টার পর শাহবাগ অবরোধের কথা থাকলেও, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লার অনুরোধে কিছুটা বিলম্বে তারা অবরোধ শুরু করেন।
শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজী জানান, মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব তার সঙ্গে যোগাযোগ করে ধাপে ধাপে বাড়ি ভাতা দেওয়ার প্রস্তাব দেন—প্রথমে ৫ শতাংশ, ছয় মাস পর আরও ৫ শতাংশ। তবে তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
আজিজীর ভাষায়, “শিক্ষকদের আন্দোলন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এক শতাংশ ছাড়ও তারা মেনে নেবে না।”