ভারত মহাসাগর অঞ্চলের গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা ত্যাগ করছেন। ১০ থেকে ১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে অংশগ্রহণের আগে তিনি সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে নয়াদিল্লি অবস্থান করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মুখপাত্র এস এম মাহবুবুল আলম জানান, দিল্লি সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, এসব বৈঠকে পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও কার্যকর ও টেকসই করার উপায় নিয়েও আলোচনা হবে।
কূটনৈতিক মহল মনে করছে, এ সফর বাংলাদেশ-ভারত সম্পর্ককে নতুন মাত্রা দিতে সহায়ক হতে পারে। মরিশাসে আয়োজিত সম্মেলনেও আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক সংযোগ জোরদারের বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন।