দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন রদ্রিগো পাজ, দেশটির মধ্য-ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি (পিডিসি)–এর প্রার্থী। আগামী ৮ নভেম্বর তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এর মধ্য দিয়ে দুই দশকের বামপন্থী শাসনের অবসান ঘটছে দেশে।
বলিভিয়ার সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনালের সর্বশেষ ফলাফলে দেখা গেছে, ৯৭ শতাংশ ভোট গণনায় পাজ পেয়েছেন ৫৪.৫ শতাংশ ভোট, যা ডানপন্থী সাবেক অন্তর্বর্তী প্রেসিডেন্ট জর্জ “টুটো” কুইরোগার ৪৫.৪ শতাংশের তুলনায় এগিয়ে। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৮০ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ৫৮ বছর বয়সী সিনেটর পাজের বিজয় দেশটির রাজনীতিতে এক ঐতিহাসিক মোড়। ২০০৬ সাল থেকে বলিভিয়া শাসন করছিল বামপন্থী মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) দল, যা আদিবাসী জনগোষ্ঠীর বিপুল সমর্থন নিয়ে দীর্ঘদিন ক্ষমতায় ছিল।
রদ্রিগো পাজের রাজনৈতিক যাত্রা যেমন বৈচিত্র্যময়, তেমনি ব্যক্তিগত জীবনও অনন্য। তার পিতা জাইমে জামোরা ছিলেন বলিভিয়ার প্রেসিডেন্ট এবং বামপন্থী চিন্তার একজন নেতৃস্থানীয় রাজনীতিক। তবে পুত্র পাজ ভিন্ন মতাদর্শে বিশ্বাসী— অর্থনীতিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিয়ে তিনি বলিভিয়ায় ফিরে ডানপন্থী রাজনীতিতে সক্রিয় হন।
তিনি প্রথমে সিটি কাউন্সিলর, পরে তারিজা শহরের মেয়র, এবং ২০২০ সালে সিনেটর হিসেবে নির্বাচিত হন। প্রেসিডেন্ট নির্বাচনের পর তিনি ঘোষণা দিয়েছেন, নতুন সরকার কর ও শুল্ক হ্রাস, ক্ষমতার বিকেন্দ্রিকরণ এবং “সবার জন্য পুঁজিবাদ” প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করবে।
সূত্র: আলজাজিরা