ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৭ লাখের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে।
বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী, মোট নিবন্ধিত প্রবাসী ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ২৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৫২ হাজার ২৫৩ জন এবং নারী ভোটার ৫৫ হাজার ৯৯২ জন।
দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে। দেশটি থেকে নিবন্ধনের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৫৭৮ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতার, যেখানে নিবন্ধন করেছেন ৫৭ হাজার ২৮৬ জন প্রবাসী বাংলাদেশি। এ ছাড়া ওমান থেকে ৪৩ হাজার ১৬৩ জন, মালয়েশিয়া থেকে ৪০ হাজার ৩৫ জন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার ৬৫২ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
প্রবাসী ভোটারদের অংশগ্রহণ আরও বাড়াতে নির্বাচন কমিশন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা এ অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন।
এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্বের সব দেশের প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত রাখা হয়েছিল। ইসি আশা করছে, সময় বাড়ানোর ফলে প্রবাসীদের ভোটার নিবন্ধনের সংখ্যা আরও বাড়বে এবং নির্বাচনে তাদের অংশগ্রহণ অর্থবহ হবে।