জার্মানির ফ্রাঙ্কফুর্টে ৪৩ বছর ধরে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত হামিদুল খান স্থানীয় নির্বাচনে গ্রিন পার্টির মনোনয়ন পেয়ে ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার সফলভাবে সিটি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিজয়ের পর প্রতিক্রিয়ায় হামিদুল খান জানান, গ্রিন পার্টির রাজনৈতিক নীতি, পরিবেশবান্ধব উদ্যোগ ও প্রবীণ নাগরিকদের কল্যাণে দলটির কাজ তাকে অনুপ্রাণিত করেছে। এ কারণেই তিনি স্থানীয় সরকার ব্যবস্থায় পরিবর্তন আনার লক্ষ্যে নির্বাচনে অংশ নেন।

তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতি তার দায়িত্ববোধ সবসময়ই প্রবল ছিল। সিটি কাউন্সিলর হিসেবে তিনি বাংলাদেশি অভিবাসীদের সামাজিক অন্তর্ভুক্তি, তরুণদের শিক্ষা, কর্মসংস্থান ও ইতিবাচক সাংস্কৃতিক পরিচয় গড়ে তোলায় কাজ করতে চান।
হামিদুল খান বলেন, “আমি চাই জার্মান সমাজের সঙ্গে বাংলাদেশি কমিউনিটির সম্পর্ক আরও মজবুত হোক। আমরা যারা প্রবাসে আছি, আমাদের ইতিবাচক অবদান তুলে ধরতে চাই। এ দায়িত্ব আমাকে আরও উৎসাহিত করেছে।”
নির্বাচিত হওয়ায় তাকে স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনগুলো অভিনন্দন জানিয়েছে। উল্লেখ্য যে, তিনি সামাজিক সাংস্কৃতিক অবদানের জন্য ফ্রাঙ্কফুর্ট শহর থেকে স্বর্ণপদক পেয়েছেন। জার্মান প্রাদেশিক সরকার তাঁকে ‘ম্যান অব ইয়ার ’- প্রদান করেন। এছাড়াও তিনি বেগম রোকেয়া, রবীন্দ্রনাথ ১৫০ তম জন্মবার্ষিকী ও রবীন্দ্রনাথের জার্মানি ভ্রমণের উপর ৩ টি মূল্যবান গ্রন্থ রচনা করে সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন।