ছবি: রয়টার্স
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে রোববার সকালে রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি নিশ্চিত করেছে। খবরটি প্রচারের সঙ্গে সঙ্গে তেহরানসহ সমগ্র ইরানে নেমে আসে গভীর শোক।
রাজধানীর বিভিন্ন সড়কে হাজারো মানুষ কালো পোশাক পরে শোকযাত্রায় অংশ নেয়। রয়টার্সের ছবিতে দেখা গেছে—কেউ খামেনির প্রতিকৃতি হাতে দাঁড়িয়ে, কেউ আবার কান্নায় ভেঙে পড়ে রাস্তায় বসে আছে। অনেকেই জাতীয় পতাকা ও কালো নিশান উড়াতে দেখা যায়।
আইআরআইবি জানায়, শনিবার দায়িত্ব পালনের সময় খামেনি হামলার টার্গেটে পরিণত হন। ঘটনাটিকে ‘দেশের বিরুদ্ধে বড় হামলা’ হিসেবে আখ্যা দিয়ে ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তেহরানের সংবেদনশীল এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
বিবিসি ও সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী, আঞ্চলিক সংঘাতের চরম উত্তেজনার মধ্যে খামেনির মৃত্যু পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। ইরানের রাজপথে শোক ও ক্ষোভে উভয়ই ছড়িয়ে পড়েছে; মানুষের চোখেমুখে অনিশ্চয়তার ছাপ স্পষ্ট।
সূত্র: আনাদোলু এজেন্সি।