আগামী জুলাই মাস থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু করবে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। তিনি জানান, শিক্ষার আধুনিকায়নে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং সারাদেশে মিডডে মিল চালুর কাজ চলছে।
তিনি আরও বলেন, সেশনজট কমাতে পরীক্ষার ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা যেন দ্রুত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে—সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া আগামী ডিসেম্বরে পরিমার্জিত নতুন পাঠ্যবই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে।
মন্ত্রী দাবি করেন, বর্তমান সরকারের লক্ষ্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, আর এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষাখাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় ঊর্ধ্বতন শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।