ঝিনাইদহে মনিউর রহমান মন্টু নামে এক শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে পিটিয়ে অচেতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ঐ শিক্ষক গা ঢাকা দিয়েছে। তবে কি কারণে ঐ শিক্ষার্থীকে পিটিয়ে জ্ঞানহারা করা হলো, সে বিষয়ে মুখ খোলেন নি অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে গত ১৪ নভেম্বর সদর উপজেলার হীরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
শিক্ষার্থী নাফিস রহমানের বাবা মনোয়ার হোসেন জানান খবর পেয়ে আমি স্কুলে যেয়ে দেখি আমার ছেলের মাথায় অন্যান্য শিক্ষার্থীরা অচেতন অবস্থায় পানি ঢালছে। অনেক্ষণ পানি দেওয়ার পর সে চেতনা ফিরে পায়। আমি এঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে বিচার চাই।
এবিষয়ে জানতে শিক্ষক মনিউর রহমান মন্টুর মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
জেলা শিক্ষা কর্মকর্তা জানান, মৌখিকভাবে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি, সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।