করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাগেরহাটের রামপালের দেড় শতাধিক অসহায় দুস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনীর সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার দিনব্যাপী সিএমএইচ হাসপাতালের চিকিৎসকরা প্রত্যন্ত গ্রামের মানুষকে এই চিকিৎসা সেবা দেয়। রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের সন্ন্যাসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন ২৮ পদাতিক ব্রিগেড ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গ্রামের অসহায় দুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়ায় খুশি স্থানীয়রা। এসময়ে মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী চলা মেডিকেল ক্যাম্পেইনে গ্রামের অসহায় মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। মেডিকেল ক্যাম্পে ঢোকার মুখে রোগীরা সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে সাবান দিয়ে হাত ধুয়ে হ্যান্ড গ্লাভস ও মুখে মাক্স পরে তাদের নির্ধারিত স্থানে অপেক্ষা করেন। পরে তাদের ডেকে নিয়ে চিকিৎসাসেবা দেন চিকিৎসকরা। রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বিভিন্ন গ্রামের দেড় শতাধিক মানুষকে নানারোগের পরীক্ষা নিরীক্ষা করেন এবং তাদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে অনেকে হাসপাতালে যেয়ে চিকিৎসা নিতে ভয় পাচ্ছিল। এই করোনা প্রাদুর্ভাবের মধ্যে সেনাবাহিনী অসহায় মানুষদের সেবা দিতে এগিয়ে আসায় তাদের ভয় অনেকটা দূর হয়েছে। তাদের এই সেবায় স্থানীয়রা দারুণ খুশি হয়েছে।