সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রতিদিনই টিফিনের পর পরই ছুটি দিয়ে স্কুল বন্ধ রাখায় সিরাজগঞ্জ সদর উপজেলার চরসাপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে শোকজ করা হয়েছে। রোববার দুপুরে তাদেরকে শোকজ করা হয়। একই সঙ্গে তিন কার্য দিবসের মধ্যে ওই তিন শিক্ষককে শোকজের জবাব দিতে বলা হয়েছে। এতে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তদন্তপূর্বক ওই তিন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ।
এলাকাবাসীর অভিযোগ, প্রধান শিক্ষকসহ ওই তিন শিক্ষক নিয়মিত স্কুলে না এসে দীর্ঘদিন যাবত কর্ম ফাঁকি দিয়ে নিজেদের কাজে ব্যস্ত থাকেন। আবার কোন কোনদিন স্কুলে আসলেও কোন রকম টিফিন পর্যন্ত অবস্থান করে টিফিনের পরপরই ছুটি দিয়ে স্কুল বন্ধ করে চলে যান। এতে ওই স্কুলের অধ্যায়নরত ছাত্রছাত্রীদের পাঠদান ব্যাহতসহ ভেঙ্গে পড়েছে শিক্ষা কার্যক্রম। চর এলাকার শিক্ষার্থীদের প্রতি সরকার বিশেষ নজর দেয়ার নির্দেশ দিলেও সে নির্দেশ এখানে উপেক্ষিত। স্কুলটি চর এলাকায় অবস্থিত হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়মিত মনিটরিং না থাকার সুযোগে প্রধান শিক্ষকসহ ওই তিন শিক্ষক প্রতিদিন টিফিনের সময় স্কুল বন্ধ করে বাড়ি চলে যান। স্কুলের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনাসহ প্রধান শিক্ষকসহ ওই তিন ফাঁকিবাজ শিক্ষক ও দপ্তরী কাম নৈশ প্রহরীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোড় দাবী জানিয়েছেন এলাকাবাসী।
শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বললে তারা জানান, এ বিদ্যালয়টির বয়স ৪৫ বছর। বর্তমানে এ স্কুলে প্রায় শতাধিক ছাত্রছাত্রী অধ্যায়নরত রয়েছে। এক সময় বিদ্যালয়টির সুনাম ছিল। কিন্তু বর্তমান শিক্ষকরা স্কুলের অবস্থা একেবারেই নষ্ট করে ফেলেছেন। তারা নিয়মিত আসেন না। ছুটি দেয়ার কোন টাইম টেবিল নাই। এছাড়াও স্কুলের সহকারি শিক্ষক বাচ্চাদের বেধড়ক পেটায়। এ কারণে ভয়েই অনেক ছাত্রছাত্রী স্কুলে আসে না।
স্কুলে শিক্ষক অনুপস্থিতির বিষয়ে প্রধান শিক্ষক শেখর কুমারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি হোম ভিজিটে রয়েছি। ৩ সহকারি শিক্ষকের মধ্যে একজন ডেপুটেশনে ও একজন ছুটিতে রয়েছে। এস এম শাহীন আলম নামে এক শিক্ষকের বিদ্যালয়ে থাকার কথা।
খোঁজ নিয়ে জানা যায়, দুপুর ১২টার পর স্কুল ছুটি দিয়ে শিক্ষক এস.এম শাহীন শহরের কোবদাসপাড়া মহল্লায় নিজ বাড়িতে অবস্থান করছেন। এদিকে স্কুলে সাংবাদিক আসার খবর পেয়ে প্রধান শিক্ষক শেখর কুমার, সহকারি শিক্ষক এস.এম শাহীন দ্রুত বিদ্যালয়ে চলে আসেন। এ সময় তারা দপ্তরি আব্দুল মমিন রিপনকে দিয়ে শিশু শিক্ষার্থীদের এক এক করে ডেকে নিয়ে আসেন।
এ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সজীব, ৪র্থ শ্রেণীর ছাত্রী সোনিয়াসহ অনেকেই বলেন, দুপুরের পর পরই স্কুল ছুটি দেয়া হয়। শিক্ষকরাও নিয়মিত আসেন না।
স্থানীয় বাসিন্দা কলেজ পড়–য়া ছাত্র আসিফ বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা দুপুরের পর কেউ থাকেন না। শিক্ষা কর্মকর্তারাও কোন সময় এ স্কুল ভিজিট করতে আসেন না।
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ জানান, স্কুল বন্ধের কোন কারণই নেই। অথচ চর সাপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ কেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, সময়মতো স্কুলে না থেকে শিক্ষকেরা যদি স্কুল বন্ধ করে চলে যায়। আর তা যদি তদন্তে প্রমানিত হয় তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।