দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৬৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং পরীক্ষায় ১০৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬০৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু। ফলে উপসর্গ ও নিশ্চিত—দুই ধরনের মৃত্যু মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জনে।
একই সময়ে দেশে হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৭ হাজার ৫২২ জনে পৌঁছেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই নতুন করে ৮৬৯ জনের মধ্যে এ ধরনের উপসর্গ শনাক্ত হয়েছে।
অন্যদিকে, সর্বশেষ এক দিনে পরীক্ষার মাধ্যমে ১০৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১১ হাজার ৫৪৯ জন রোগীর শরীরে সংক্রমণ নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১ হাজার ২৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৭৭ হাজার ৬১৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া চার শিশুর বাড়ি ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর ও শরীরে র্যাশসহ হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর।