ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। বুধবার সকালে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সরকারি সূত্রের বরাতে জানা যায়, কৃষ্ণ সাগর সংলগ্ন ক্রিমিয়ার একটি পাহাড়ি এলাকায় বিমানটি আছড়ে পড়ে। এতে থাকা ছয়জন ক্রুসহ মোট ২৯ জনের কেউই প্রাণে বাঁচেননি বলে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ৩১ মার্চ রাতের দিকে এএন-২৬ মডেলের বিমানটি রাডার থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। নির্ধারিত রুটে চলাচলের সময়ই এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
এএন-২৬ মডেলের এই পরিবহন বিমানগুলো দীর্ঘদিন ধরে সামরিক ও লজিস্টিক কাজে ব্যবহৃত হয়ে আসছে। তবে অতীতেও এই মডেলের একাধিক দুর্ঘটনার নজির রয়েছে, যা বিমানটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।