বাংলাদেশ স্থানীয় ও বিদেশি উভয় বিনিয়োগকারীদের জন্যই একটি বিশ্বস্ত গন্তব্যে পরিণত হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীরা কেবল আমাদের টাকা নিয়ে চলে যাবে এই ধারণাটি একটি ভুল ধারণা।’
মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে গুগল পে সেবার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আহসান এইচ মনসুর বলেন, ‘বিদেশি কম্পানিগুলো যদি ১০ থেকে ২০ বছর চট্টগ্রাম বন্দর পরিচালনা করে এবং পরে তা ফেরত দেয় তাহলে আমরা অর্জিত দক্ষতা থেকে উপকৃত হব এবং অন্যান্য দেশে বন্দর পরিচালনা করতে পারব।’
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে একটি প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অগ্রগতি হচ্ছে এবং মূল্যস্ফীতি পাঁচ শতাংশের নিচে নামিয়ে আনা সম্ভব।
তিনি আরো বলেন, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং আমানতকারীদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন, সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন ।