আমি আজও মন ভারাক্রান্ত হলে আকাশের দিকে তাকাই
আমাদের সকল শক্তির উৎস তোমাকেই খুঁজি আজও হে পিতা
টুঙ্গীপাড়া থেকে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি , বাকিটুকু ইতিহাস
শতাব্দীর পর শতাব্দী ধরে শৃঙ্খলে বন্দি এক নতজানু জাতিকে
তুমি সোজা হয়ে দাঁড়াতে শেখালে, হাঁটা শেখালে
তারপর শেখালে পেশাদার শত্রু ফৌজের বিরুদ্ধে কী করে লড়তে হয়
গুলি ও গোলার সামনে সবার আগে তুমিই বুক উঁচিয়ে দাঁড়িয়ে দেখালে
কী করে শ্ত্রুর দেয়া মৃত্যুভয়কে ভয় দেখাতে হয়
তুমিই দেখালে সেই সব যাদু
কী করে ছিনিয়ে আনতে হয় অধিকার
কী করে ভাঙতে হয় পরাধীনতার শেকল
কী করে জয় করে নিতে হয় নিজভূমি
কী করে চিহ্নিত করতে হয় নিজের মানচিত্র
কী করে রচিত হয় একটি নতুন পতাকা
সর্বোপরি
নিজের পরিচয় বানাতে শেখালে তুমিই আমাদের
ভয়াল এক রক্তনদী পার হয়ে এসে এই দেখো
আজ আমরা সবাই আবার মাথা উঁচিয়ে দাঁড়িয়েছি
হে পিতা, হে বন্ধু ! বঙ্গবন্ধু শব্দটি আজও আমাদের সেই মহাজাগরণ মন্ত্র !
‘বঙ্গবন্ধু’ মহামন্ত্রেই উজ্জীবিত আমরা তোমার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলছি
মাঝখানে কিছুদিন ওরা ছিলো, ইতিহাসের কুটিল গোলাম চক্র
আজ এই মুজিব শতবর্ষে তোমাকে জানাতে চাই হে পিতা
আমরা ওদের শক্ত হাতে বিচার করেছি, দিয়েছি কঠিন শাস্তি
আমরা ওদের ক্ষমা করিনি যারা তোমার তিরিশ লক্ষ সন্তান হত্যা করেছিলো
যারা তোমার বুকের রক্তে রঞ্জিত করেছিলো ৩২ নম্বর বাড়ির সিঁড়ি
আমরা কাউকে ছেড়ে দিই নি, অনাগত দিনেও ছেড়ে দেব না পিতা !
আজ সেই শপথের দিন, এই শপথই তোমার জন্মদিনের অঞ্জলি
তোমার শততম জন্মতিথিতে আবার উচ্চারণ করি
জয় বাংলা ! জয় বঙ্গবন্ধু !
উচ্চারণ করি প্রাণের গভীর থেকে
তুমিই সেই সহস্রাব্দের ফুল, অমিত শক্তি
প্রমিত স্পর্ধার একশব্দ অভিধান