বিনোদন: বর্তমান সময়ের ব্যস্ত টেলিভিশন অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও মেহজাবিন চৌধুরী। এর আগে অনেক ৃজুটি বেঁধে অভিনয় করেছেন তারা। ‘ফিরে যাওয়া কিংবা ফিরে না আসার গল্প’ একক নাটকে আবারো একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।
আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও সৈকত মাহবুবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফয়সাল রাজিব। নাটকের গল্প প্রসঙ্গে এ নির্মাতা বলেন, ‘মাহমুদ আর দীপার প্রেমটা আর আট-দশটা প্রেমের সম্পর্কের মতোই। তবে একই প্রতিষ্ঠানে পড়াশোনা না করার কারণে তাদের খুব একটা দেখা হয় না। দুজনেই মনস্থির করে ১৪ ফেব্রুয়ারি দেখা করবে তারা। কিন্তু অপ্রত্যাশিভাবে দুজনেই কাজে আটকে যায়। প্রথমে মাহমুদ দীপাকে প্রস্তাব দেয়- ১৪ ফেব্রুয়ারি বিকালে দেখা না করে সকালে করা যায় কিনা?
এ নিয়ে দীপা অভিমান করে। এ অবস্থায় মাহমুদ কি করবে তা বুঝে উঠতে পারে না। অন্যদিকে মাহমুদের প্রবাসী এক বন্ধু তাকে নিয়ে যেতে চায় কক্সবাজার। ১৪ ফেব্রুয়ারি সকালে দীপা পত্রিকায় দেখে মাহমুদ নামের এক যুবকের লাশ মিলেছে কক্সবাজারে। তারপর গল্পে জটিলতা তৈরি হয়।’
মাহমুদ ও দীপার চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও মেহজাবিন। এ ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, আয়েশা লাবণ্য প্রমুখ। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামীকাল শুক্রবার রাত ৮টায় আরটিভিতে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা রাজিব।