মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলের এ হামলার পর স্থাপনাটিতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে ইরানি সূত্র।
ফারস নিউজের তথ্য অনুযায়ী, বুধবার ভোরে চালানো হামলার পর জরুরি সেবাদানকারী সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়নি।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চলমান সামরিক উত্তেজনার মধ্যে এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মুখপাত্র মাজেদ আল-আনসারি জোর দিয়ে বলেন, জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এর প্রভাব সীমান্ত পেরিয়ে বৈশ্বিক পর্যায়ে পড়তে পারে।
তিনি আরও সতর্ক করে বলেন, এমন হামলা পরিবেশগত ঝুঁকি বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে। তাই সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শন ও উত্তেজনা হ্রাসে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, সাউথ পার্স গ্যাসক্ষেত্র বিশ্বে প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় উৎসগুলোর একটি, যা ইরান ও কাতার যৌথভাবে ব্যবহার করে। এই অঞ্চলে যেকোনো অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।