জার্মানবাংলা২৪ ডেস্ক: মাদকাসক্ত পরীক্ষা এখন থেকে অনেক সহজ হয়ে যাবে। এখন আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না, কেউ মাদকাসক্ত কিনা তা প্রমাণ করার জন্য। মাত্র পাঁচ সেকেন্ডে মাদকাসক্ত পরীক্ষার স্ক্রিনিং টেস্ট ডিভাইসটি উদ্ভাবন করেছে ব্রিটিশ কোম্পানি ইন্টেলিজেন্ট ফিঙ্গারপ্রিন্ট।
এতে আঙুলের ঘাম পরীক্ষা করার মাধ্যমেই কেউ মাদকাসক্ত কিনা তা জানা যাবে। শরীরে অবৈধ মাদক শনাক্তের এই পরীক্ষা এমনকি মৃত মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। ডিভাইসি কারো শরীরে গাঁজা, কোকেন, অপিয়েট, অ্যামফেটামিনের মতো নিষিদ্ধ মাদকদ্রব্য আছে কিনা তা শনাক্ত করতে পারে এবং বিশেষ কার্টিজ ব্যবহার করে নমুনা সংগ্রহ করতে সময় নেয় মাত্র পাঁচ সেকেন্ড।
এই ডিভাইস নমুনা বিশ্লেষণ করে মাত্র ১০ মিনিটের মধ্যে ফলাফল প্রদান করতে পারে। ফলাফলের সঠিকতা রক্ত পরীক্ষা এবং মূত্র পরীক্ষার সমতুল্য।
মাদকাসক্ত নির্ণয়ে আঙুলের ছাপের এই পরীক্ষাটি বৈপ্লবিক অগ্রগতি নিয়ে আসতে পারে বলে দাবি করা হয়েছে। এটি রক্ত পরীক্ষা, মূত্র পরীক্ষা এবং মুখের লালা পরীক্ষার তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ। রক্ত পরীক্ষা করার জন্য যে লেভেলের প্রশিক্ষণের প্রয়োজন পড়ে, ডিভাইসটি ব্যবহারের ক্ষেত্রে সে লেভেলের প্রশিক্ষণের প্রয়োজন পড়ে না। মূত্র পরীক্ষার ক্ষেত্রে মূত্রের নমুনা সঠিক ব্যক্তিরটিরই কিনা অনেক সময় এমন সংশয় থাকে, নতুন ডিভাইসটি আঙুলের ছাপের নমুনার হওয়ায় এ ধরনের কোনো সংশয় নেই। তথ্যসূত্র : ডেইলি মিরর