প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশকে আরও সমৃদ্ধ করতে ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষার আওতায় চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মার্শাল আর্ট শেখানোর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে, যাতে তারা ছোটবেলা থেকেই আত্মরক্ষা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের শিক্ষা লাভ করতে পারে।
রাজধানীর বিজয় সরণিতে র্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থার আয়োজিত ‘ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মার্শাল আর্ট কেবল আত্মরক্ষার কৌশল শেখায় না; এটি একজন মানুষকে আত্মবিশ্বাসী, ধৈর্যশীল ও দায়িত্বশীল করে তোলে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ, নেতৃত্বের গুণাবলি এবং ইতিবাচক জীবনদৃষ্টিভঙ্গি তৈরি হয়, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, শিক্ষার্থীরা যখন নিজের সক্ষমতার ওপর বিশ্বাস রাখতে শেখে, তখন তারা সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ ও মানবিক আচরণে অভ্যস্ত হয়। এ কারণেই সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণকে সমন্বিতভাবে এগিয়ে নিতে চায়।
ববি হাজ্জাজ আরও বলেন, দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মার্শাল আর্ট প্রশিক্ষণের সুযোগ তৈরি করতে কারাতে সংগঠনগুলোকে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
অনুষ্ঠানে তিনি নিজের কারাতে চর্চার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণ শুরু করার স্মৃতিচারণ করে তিনি বলেন, সেই সময়ের অনুশীলন ও অভিজ্ঞতা তাঁর ব্যক্তিগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলেছে। বর্তমান প্রজন্মের কারাতেকাদের দক্ষতা ও পরিবেশনা তাঁকে অতীতের স্মৃতি নতুন করে মনে করিয়ে দিয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের সক্ষমতা এবং আত্মরক্ষার দক্ষতা বাড়াতে মার্শাল আর্টের বিকল্প নেই। একটি সুস্থ, দক্ষ ও মানবিক সমাজ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের প্রশিক্ষণের বিস্তার প্রয়োজন।
অনুষ্ঠান শেষে ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে ব্ল্যাক বেল্ট তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি তাদের অভিনন্দন জানিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সাফল্য বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ।