জুলাই অভ্যুত্থান চলাকালে বিতর্কিত ভূমিকা ও শিক্ষার্থীদের প্রতি হুমকিমূলক আচরণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আরও একজন শিক্ষককে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) রাতে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন—লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এছাড়া উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়াকে আপাতত একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী জানান, আইন উপদেষ্টার মতামতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট অভিযোগগুলো আরও খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
একই ধরনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মুহাম্মদ লাভলু মোল্লা শিশিরকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কিছু কর্মকাণ্ড নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমালোচনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সিন্ডিকেট সভায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত গোলাম রাব্বানীর ছাত্রত্ব নিয়ে প্রশ্ন ওঠায় তাঁর পদ বাতিলের বিষয়ে আইন উপদেষ্টার মতামতের জন্য বিষয়টি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে একাডেমিক কাউন্সিল তাঁর এমফিল প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ভর্তি বাতিল এবং জিএস পদকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছিল।
এদিকে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় পূর্বে সাময়িক বহিষ্কৃত আইবিএর শিক্ষক ওয়াসেল বিন সাদাত এবং রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে আনুষ্ঠানিক ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্তও সিন্ডিকেট সভায় নেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সংশ্লিষ্ট সূত্র।