শপথ নিলেন নুসরাত তাবাসসুম । ছবি: সংগৃহীত
সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি শপথ গ্রহণ করেছেন। বুধবার জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য সংসদ সচিবের কক্ষে গিয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
সংসদ সচিবালয় জানায়, সংবিধানের অনুচ্ছেদ ১৪৮-এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির আওতায় স্পিকার নতুন সদস্যকে শপথ পাঠ করান।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে জটিলতায় পড়েন নুসরাত তাবাসসুম জ্যোতি। নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়ন জমা দেওয়ায় নির্বাচন কমিশন প্রথমে তার মনোনয়ন গ্রহণ করেনি।
পরে তিনি উচ্চ আদালতে আবেদন করলে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়ন গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।