অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক শুরু করেছে। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার ভাষণের আগে বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, বৈঠকে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে এবং বৈঠকের এই আলোচনার প্রতিফলন প্রধান উপদেষ্টার ভাষণে প্রতীয়মান হতে পারে। ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডে।
এর আগে, ২৮ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন সংবিধান সংস্কার বাস্তবায়নের দুটি বিকল্প সুপারিশ জমা দেয়। একটি সুপারিশে বলা হয়েছে, সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বিশেষ আদেশের মাধ্যমে গণভোটে প্রেরণ হবে। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ ২৭০ দিনের মধ্যে তা কার্যকর করবে; ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে সংযোজন হবে।
যদিও গণভোটের তারিখ নির্ধারণের দায়িত্ব সরকারের ওপর রাখা হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার প্রক্রিয়া নিয়ে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকার দলগুলোকে আলোচনা করে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েও কোনো চূড়ান্ত সমাধান হয়নি। এই পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, সরকারের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ এখন অনিবার্য।