পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাজনৈতিক টানাপোড়েনের সঙ্গে চলচ্চিত্র তারকাদের নাম জড়ানো যেন নতুন কিছু নয়। এবার সেই আলোচনার কেন্দ্রে জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার।
আসন্ন সিনেমা ‘রঘু ডাকাত’-এর প্রচারে দেব, ইধিকা, অনির্বাণসহ গোটা টিমের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন সোহিনী। বিভিন্ন স্থানে টিমের প্রচারণায় তার উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। তবে এই নিয়েই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ ছুড়ে দেন।
কুণাল ঘোষ তার সোশ্যাল মিডিয়া পোস্টে সোহিনীর এক বছরের পুরোনো মন্তব্যের প্রসঙ্গ টেনে আনেন। আর জি কর হাসপাতালে আন্দোলনের সময় তিনি বলেছিলেন, ‘বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না।’ সেই বক্তব্য ঘিরে সে সময় ব্যাপক বিতর্ক হয়েছিল।
সিনেমার প্রচারে সোহিনীর ছবি শেয়ার করে কুণাল লেখেন, ‘বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। আর তৃণমূল যুব নেতার আয়োজনে তার প্রমোশনে গিয়ে লম্পঝম্ফও করা যায়।’
রাজনৈতিক নেতা এই কটাক্ষ করার পরপরই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই এটিকে সোহিনীর প্রতি ব্যক্তিগত আক্রমণ বলে সমালোচনা করছেন।
তবে এ নিয়ে এখনো সোহিনী বা ‘রঘু ডাকাত’ টিমের কারও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।