জনগণের আস্থা অর্জন ছাড়া কেউ প্রকৃত নেতা হতে পারে না -এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “মানুষ আজ আর শুধু প্রতিশ্রুতি শুনতে চায় না, তারা বাস্তবায়ন দেখতে চায়।”
রবিবার (৪ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “আমাদের রাজনীতি জনবান্ধব ও অংশগ্রহণমূলক। বাকস্বাধীনতা, ভোটাধিকার ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে। নারীর অংশগ্রহণ বাড়ানো হবে, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”
তিনি আরও বলেন, “ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ এবং বহুভাষা শিক্ষা তরুণদের ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে। আমরা উদ্যোক্তাশ্রেণি তৈরি করে দেশের জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করতে চাই।”
শহীদ পরিবার ও প্রবাসী নেতাদের সম্মাননা
জুলাইয়ের গণ-অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে ৭৮টি শহীদ পরিবারকে সম্মাননা, আর্থিক অনুদান ও উপহার প্রদান করা হয়। একইসঙ্গে আন্দোলনে ভূমিকা রাখায় প্রবাসী যুবদলের ১২ জন নেতাকে সম্মাননা এবং ৬ জন প্রয়াত নেতাকে মরণোত্তর স্মারক প্রদান করা হয়।
এছাড়া আন্দোলনকালীন সময়ে দায়িত্ব পালনকারী সব মহানগর ও জেলা ইউনিটের নেতৃবৃন্দকেও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে যুবদলের উদ্যোগে ঢাকা শহরের ছয়টি স্থানে গ্রাফিতি অঙ্কনের কার্যক্রম তুলে ধরা হয়। একই দিনে রাজধানীর ১০টি আর্ট স্কুলের প্রায় দেড় হাজার শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শীর্ষ ৫০ জনকে কৃতিত্বের সনদ ও পুরস্কার দেওয়া হয়।
“ষড়যন্ত্রের মধ্য দিয়ে অস্থিরতা সৃষ্টি হচ্ছে” — ফখরুল
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, যাতে গণতন্ত্রের উত্তরণ ব্যাহত হয়।” তিনি আরও বলেন, “বিএনপি প্রতিবারই জাতীয় সংকটকালে দায়িত্ব নিয়ে দেশের পুনর্গঠনে কাজ করেছে। বর্তমানে ১৭ বছর ধরে আমরা আন্দোলন করছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে।”
“নাটক সাজিয়ে নির্বাচন ঠেকাতে চায় সরকার” — মির্জা আব্বাস
দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “সরকার গণতন্ত্র চায় না। যদি নিয়ম অনুযায়ী ক্ষমতা হস্তান্তর হতো, আজকের সংকট সৃষ্টি হতো না। এখন একের পর এক নাটক সাজিয়ে নির্বাচনের পথ রুদ্ধ করার চেষ্টা চলছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতারা।