১৯৬৯ ও ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে ৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার বিকেলে ঢাকার শাহবাগে আয়োজিত ছাত্র সমাবেশে এসব দফা ঘোষণা করেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের ঘোষিত ৯ দফা প্রতিশ্রুতির মূল প্রতিপাদ্য ছিল শিক্ষাঙ্গনে সহিংসতা ও অনিয়ম দূর করা, নিরাপদ ও সমতাভিত্তিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা।
ঘোষিত ৯ দফার সংক্ষেপ:
১. গেস্টরুম নির্যাতন, জোরপূর্বক কর্মসূচি ও রাজনৈতিক নিপীড়নের অবসান ঘটাতে কার্যকর ভূমিকা।
২. শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বাসযোগ্য আবাসন, স্বাস্থ্যকর খাদ্য এবং পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ।
৩. ধর্ম, জাতি, লিঙ্গ নির্বিশেষে মানবিক মর্যাদা ও সমঅধিকারে বিশ্বাসী রাষ্ট্র গঠনে অঙ্গীকার।
৪. আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী চিন্তার সমন্বয়ে শিক্ষানীতি প্রণয়নে ছাত্রদলের সক্রিয় অংশগ্রহণ।
৫. কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালু এবং প্রশ্নফাঁস ও দুর্নীতি বন্ধে সোচ্চার ভূমিকা।
৬. মাদকমুক্ত ক্যাম্পাস ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা।
৭. ঐতিহাসিক আন্দোলন ও জাতীয়তাবাদের চেতনায় সাংস্কৃতিক চর্চা ও সামাজিক আন্দোলন জোরদার।
৮. নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
৯. গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার রক্ষায় ছাত্র-জনতার সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রত্যয়।
সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।