আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়াতে যাচ্ছে প্রায় ১২ কোটি ৭৫ লাখে। এর ফলে নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রের সংখ্যাও বাড়িয়ে প্রায় ৪৫ হাজারে উন্নীত করার প্রস্তুতি নিচ্ছে। দ্বাদশ সংসদ নির্বাচনে যেখানে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৪৮টি, এবার তা বাড়তে পারে আরও প্রায় ২ হাজার ৭৮৬টি।
ইসি সূত্রে জানা গেছে, নতুন ভোটার অন্তর্ভুক্তির প্রেক্ষিতে শিগগিরই একটি সমন্বয় সভা আহ্বান করা হবে। ওই সভায় ভোটকেন্দ্র নির্ধারণ, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা–সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ইসির তথ্য অনুযায়ী, অনেক ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো সীমানা প্রাচীর নেই, আবার অনেক জায়গায় দরজা-জানালাও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এসব কেন্দ্র মেরামতের জন্য শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও এলজিইডিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোটকেন্দ্রের সংখ্যা বাড়লে, সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যাও বাড়বে। গত দ্বাদশ সংসদ নির্বাচনে আনসার, বিজিবি, পুলিশ, র্যাব ও কোস্টগার্ড মিলিয়ে প্রায় সাড়ে সাত লাখ সদস্য মোতায়েন ছিল। এবার এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য জনপ্রতি বরাদ্দ ছিল ৪০০ টাকা থেকে শুরু করে ১,৮২০ টাকা পর্যন্ত। এবারের নির্বাচন ঘিরে কেন্দ্র সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যয়ও উল্লেখযোগ্য হারে বাড়বে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।