আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই নির্বাচনে পথ সভার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে যাচ্ছেন তিনি।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর ২.৩০ টায় কোম্পানিগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১৯৯১ সালের ৫ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রথমবার মনোনয়ন পেয়েছিলেন ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ম বার মনোনয়ন পেয়েছেন তিনি। নোয়াখালী-৫ আসনে অন্যান্য প্রার্থী হলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামসুদ্দোহা (চেয়ার), জাসদের মোহাম্মদ মকছুদের রহমান (মশাল), জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ (লাঙ্গল) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরী (ছড়ি) প্রতীক পেয়েছেন।
মনোনয়ন পেয়ে ওবায়দুল কাদের আজই প্রথম নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন। এই পথসভাকে কেন্দ্র করে নোয়াখালীর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, কুমিল্লা ও নোয়াখালীর বিভিন্ন সড়কে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে সড়কের পাশে জড়ো হয়েছে।
কোম্পানিগঞ্জ ও বসুরহাট উপজেলার দলীয় নেতাকর্মী ও জনসাধারণ টানা চতুর্থ বারের মতো বিজয়ী করতে কাজ করে যাচ্ছে। এই আসন থেকে নির্বাচিত হয়ে ওবায়দুল কাদের পাঁচ বার সংসদে গিয়েছেন।