নিশাত মজুমদার ১৯৮১ সালে ৫ই জানুয়ারি লক্ষ্মীপুর জেলার দক্ষিণ ভাটরা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মজুমদার ও মাতা আশুরা মজুমদার। বাবা-মায়ের চার সন্তানের মধ্যে নিশাত দ্বিতীয়। জন্ম লক্ষ্মীপুরে হলেও তাঁর শিক্ষাজীবন শুরু হয়েছে ঢাকায়। ১৯৯৭ সালে ঢাকার বটমলী হোম উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৯ সালে ঢাকার শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা সিটি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া নিশাতের শৈশবেই দারিদ্র্যের সাথে লড়াই করতে হয়। ব্যবসায়ী বাবার আকস্মিক দুর্ঘটনায় ঢাকার জাঁকালো জীবনযাপন ছেড়ে আশ্রয় নিতে হয় ছোট্ট সাধারণ ঘরে। বজ্রকঠিন দৃঢ়তা নিয়ে শুরু হয় মা আশুরা মজুমদারের সংগ্রাম। যেভাবেই হোক ছেলেমেয়েকে আদর্শবান মানুষ করে তুলতে হবে, স্বাবলম্বী করতে হবে, পেশাগত জীবনে প্রতিষ্ঠিত করতে হবে-এই ছিল তাঁর ব্রত। তাঁর সেই স্বপ্ন বৃথা যায়নি।
পেশাগত জীবনে নিশাত ঢাকা ওয়াসার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিশাতের আলোচিত অন্য পরিচয় তিনি একজন দক্ষ তারুণ্যদীপ্ত সাহসী পর্বতারোহী। দীর্ঘ দুই দশক ধরে কঠিন রোমাঞ্চকর এই পর্বতারোহণ কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন তিনি। শুরু সেই ২০০৩ সালে, মাউন্ট এভারেস্ট বিজয়ের পঞ্চাশ বছর উদ্যাপন উপলক্ষ্যে শুরু হয় তাঁর পর্বতে পদচারণা। পরবর্তীতে পর্বতারোহণের উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং প্রতিবছরই পৃথিবীর বিভিন্ন উচ্চতর পর্বতে অভিযান করে আসছেন। যেমন: মেরা, সিংচুলি, নেপাল-বাংলাদেশ বন্ধুত্ব শিখর, পিসাং, আইল্যান্ড, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুস, লোবুচে ইত্যাদি। এরপর হিমালয়ের ম্যাটারহর্ন নামে পরিচিত মাউন্ট আমা দাবলাম জয় করেন তিনি।
২০১২ সালে প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের শীর্ষে তুলে ধরেন লাল সবুজের পতাকা। এ জয়ের মধ্যে দিয়ে তিনি দেখিয়েছেন, বাঙালি নারীর পক্ষে সবকিছু সম্ভব। নারী হয়ে এভারেস্ট জয় করা যায়, এভারেস্টসম বাধা পেরোনো যায় তাঁর এই অর্জন নারীর মানসজগতে এনেছে এক বৈপ্লবিক পরিবর্তন। নারী হয়েছে আশাবাদী স্বাপ্নিক আর আত্মপ্রত্যয়ী। পর্বতারোহণের পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে তিনি ছড়িয়ে দিচ্ছেন অফুরান স্বপ্নবীজ- ‘অজেয়’কে জয় করার স্বপ্ন, সাফল্যের স্বপ্ন, দেশপ্রেমের স্বপ্ন, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ভালোবাসার স্বপ্ন।
মুক্তিযোদ্ধার সন্তান নিশাত মজুমদার দেশের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতিকে পরম আবেগে নিবিড় মমতায় ভালোবাসেন, আর এই আবেগ-মমতা ছড়িয়ে দিতে চান সবার মাঝে। প্রতিবছর স্বাধীনতা দিবসে তিনি আয়োজন করে আসছেন অভিনব এক পদযাত্রা। কেন্দ্রীয় শহিদ মিনার থেকে পায়ে হেঁটে সাভারের জাতীয় স্মৃতিসৌধ অবধি এই পদযাত্রায় সব শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এই প্রতীকী পদযাত্রা এখন ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশের নানা প্রান্তে। ‘শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা’ নামের এই আয়োজনে মুক্তিযুদ্ধ জাদুঘর বিশেষভাবে যুক্ত হয়েছে।
মুক্তিযুদ্ধের অমোঘ শক্তি তরুণদের মধ্যে সঞ্চারিত করেন তিনি নিপুণ ভালোবাসায়, পরম শ্রদ্ধায়। মুক্তিযুদ্ধ জাদুঘরের ব্যবস্থাপনা পর্ষদের একজন সদস্য হিসেবেও তিনি কাজ করছেন। একজন পর্বতারোহী হিসেবে তিনি এখনো দেশে-বিদেশে বিখ্যাত পর্বতগুলো আরোহন অব্যাহত রেখেছেন। বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে উৎসাহ আর প্রেরণা নাম নিশাত মজুমদার।
নারীজাগরণে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিশাত মজুমদারকে ‘বেগম রোকেয়া পদক-২০২৩’ এ ভূষিত করা হয়।