যশোরে প্রতিদিন বেড়েই চলেছে মরনঘাতি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৪৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যশোরে ৪৯ জনের করোনা শনাক্তের রেকর্ড সৃষ্টি হয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪১ জনের নমুনা পরীক্ষায় বুধবার তাদের পজেটিভ রিপোর্ট আসে।
এ সেন্টারে ৬ জেলার ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করে ১০৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।বাকি ২৩৯ জনের ফলাফল নেগেটিভ এসেছে।
বুধবার যবিপ্রবি কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করে।
যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানিয়েছেন, গত ২৪ ঘন্টার পরীক্ষায় এই ফলাফল এসেছে।
ফলাফলের কপি ৬ জেলার সিভিল সার্জনের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।
তিনি জানান, মোট ৩৪৮ জনর মধ্যে যশোর জেলার ১৪১ নমুনা পরীক্ষায় ৪৯ জন, মাগুরা জেলার ২১ নমুনা পরীক্ষায় ৬ জন, নড়াইল জেলার ১১ নমুনা পরীক্ষায় ২ জন, ঝিনাইদহ জেলার ৪৯ নমুনা পরীক্ষায় ১৭ জন, বাগেরহাট জেলার ১০৩ নমুনা পরীক্ষায় ২৯ জন ও সাতক্ষীরা জেলার ২৩ নমুনা পরীক্ষায় করে ৬ জনের করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, ২৪ ঘন্টায় যশোরে ৪৯ জনের করোনা শনাক্তের রেকর্ড সৃষ্টি হয়েছে। ফলাফল হাতে পেয়েছি।