আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি:বেনাপোল বাজারস্থ তালসারী নামক স্থান হতে শুক্রবার সকালে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও ঔষধসহ ১টি কাভার্ড ভ্যান আটক করেছে বিজিবি সদস্যরা।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা পিএসসি জানান, দীর্ঘদিন যাবত কতিপয় অসাধু ব্যবসায়ী কৌশলে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন অবৈধ মালামাল আনা-নেওয়া করছে।
যার প্রেক্ষিতে বিজিবি’র বিশেষ গোয়েন্দা অভিযান জোরদার করা হয়েছে। যার ফলশ্রুতিতে পূর্ব তথ্যের মাধ্যমে বেনাপোল ক্যাম্পে কর্মরত সুবেদার আব্দুল ওহাব এর নের্তৃত্বে একটি দল তল্লাশি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে বেনাপোল বাজারস্থ তালসারি নামক স্থান হতে ০১টি কাভার্ড ভ্যানসহ শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও ওয়ান টাইম পেপার কাপ এবং বিভিন্ন প্রকার ঔষধ ও ইনঞ্জেকশন আটক করা হয়।
কাভার্ড ভ্যানসহ আটককৃত মালামালের মূল্য ২,৫৪,০০,০০০/- (দুই কোটি চুয়ান্ন লক্ষ) টাকা। কাভার্ড ভ্যানসহ আটককৃত মালামাল বিকালে বেনাপোল বিভাগীয় শুল্ক গোডাউনে জমা দেওয়া হয়েছে।