খুলনা প্রতিনিধিঃ খুলনায় রেলওয়ে স্টেশনে ঈদের তৃতীয় দিনের আগাম ২৪২টি ঢাকায় ফিরতি টিকিট ভিআইপি’দের নামে অনলাইনে ‘অটো ব্লক’ করে রাখার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, যাত্রীদের ‘টিকিট নেই’ বলে ফিরিয়ে দিয়ে এসব টিকিট গোপনে বাইরে উচ্চ মূল্যে বিক্রি করা হয়।
বুধবার দুপুরে রেল স্টেশনের টিকিট কাউন্টার ও সার্ভার কক্ষে অভিযান চালিয়ে এসব ‘ব্লক টিকিট’ বিক্রির জন্য উন্মুক্ত করা হয়। একই সাথে টিকিট কালোবাজারীর সাথে জড়িত প্রধান বুকিং সহকারী ইয়াকুব আলীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
দুদক, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপ-পরিচালক নাজমুল আহসান বলেন, রেলওয়ে স্টেশনে যাত্রী হয়রানি ও টিকিট কালোবাজারীর ঘটনায় এই অভিযান চালানো হয়। এসময় স্টেশনের সার্ভার রুমে ১৪ আগস্টের ২৪২টি টিকিট ভিআইপি’দের নামে ব্লক করে রাখার প্রমাণ পাওয়া যায়। এদিকে দুদকের অভিযানের খবর পেয়ে টিকিট সিন্ডিকেটে জড়িত প্রধান বুকিং সহকারী মেহেদী হাসান গা ঢাকা দেয়।
অপরদিকে একই সময়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকারের কক্ষের টেবিলের ড্রয়ারে ২২ হাজার ৯১২ টাকা পাওয়া যায়। অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন প্রদানের নামে প্রতিজনের কাছ থেকে এখানে ১০০ টাকা হারে উৎকোচ আদায় করা হয় বলে জানা গেছে। ওই টাকা না দিলে পেনশনের টাকা আটকে রাখা হতো। পরে দুদকের উপস্থিতিতে অবসরপ্রাপ্ত দুই কর্মচারী ইয়াকুব আলী ও শান্তি মন্ডলের পেনশনের টাকা প্রদান করা হয়। আর ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড করবে না বলে স্টেশন মাস্টার মুচলেকা দিয়েছেন।
উদ্ধার হওয়া ২৪২টি ব্লক টিকিটের মধ্যে এসি ২২টি ও নন এসি ২২০টি। সার্ভারে ব্লক তুলে দেওয়ার পর যাত্রীরা লাইনে দাঁড়িয়ে এসব টিকিট সংগ্রহ করে। যাত্রীরা অভিযোগ করেন, রেল স্টেশনে টিকিটের জন্য এলেই তারা বলে টিকিট নেই। পরে ব্লক করা টিকিট কালোবাজারে বিক্রি করবে।
দুদকের সহকারী পরিচালক শাওন মিয়া বলেন, ঈদের পরের প্রায় প্রতিদিনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে রেল স্টেশনে অভিযান চালিয়ে টিকিট সিন্ডিকেট চক্রকে চিহ্নিত করা সম্ভব হয়েছে।