হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ দু’দিনব্যাপি আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘ডুয়েট সিএসই ফেস্ট-২০১৯’ উৎসব শেষে শনিবার ২৭ এপ্রিল বিকেলে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় রোবো রাইডস্ এ চ্যাম্পিয়ন হয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ‘ম্যাপল রোবোটিকস্’ দল, প্রথম রানার আপ ডুয়েটের ‘ডুয়েট পজিট্রন’ দল এবং ২য় রানার আপ হয় ডুয়েটের ‘ডুয়েট আরএমএস টারমিনেটর প্রো’ দল।
প্রোজেক্ট এক্সিবেশন এ চ্যাম্পিয়ন হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ইনোভেশন এডিকটেড’ দল, প্রথম রানার আপ ডুয়েটের ‘ডুয়েট ডিপ ড্রিম’ দল এবং ২য় রানার আপ হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর ‘আননোন ইনোভেটরস্’ দল।
প্রোগ্রামিং কনটেস্ট -এ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘বুয়েট উচিহাস দল, প্রথম রানার আপ বুয়েটের ‘বাপ্রবি লাভলেস’ দল এবং ২য় রানার আপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিইউ সোয়াম্পফায়ার’ দল। এছাড়া এই প্রোগ্রামিং কনটেস্টে ৪র্থ থেকে ১০ম স্থান অধিকারীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে ডুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে এবং ডুয়েট কম্পিউটার সোসাইটির সহযোগিতায় সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রতিযোগিতার প্রধান বিচারক বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ব্রাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল মোত্তালেব, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) প্রকৌশলী মো. এনামুল কবির, বাংলাদেশ এসোসিয়েশন অব প্রোবলেম সেটারস্-এর বিচারিক পরিচালক হাসনাইন হেইকাল, ‘ডুয়েট সিএসই ফেস্ট-২০১৯’ এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান ও ডুয়েট কম্পিউটার সোসাইটির সভাপতি অরূপ চক্রবর্তী প্রমুখ। এতে ‘ডুয়েট সিএসই ফেস্ট-২০১৯’ এর উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম, মডারেটর সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত অতিথি ও উৎসবে অংশগ্রহণকারীগণ উপস্থিত ছিলেন।
‘ডুয়েট সিএসই ফেস্ট-২০১৯’ এর আহবায়ক অধ্যাপক ড. মো. ফজলুল হাসান সিদ্দিকী সুষ্ঠুভাবে উৎসব অনুষ্ঠিত হওয়ায় সকল অংশগ্রহণকারী ও স্বেচ্ছাসেবকসহ এ উৎসবের সঙ্গে সম্পৃক্ত সকলকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে প্রকৌশল-প্রযুক্তি ও উদ্ভাবনে শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ২৬ এপ্রিল আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘ডুয়েট সিএসই ফেস্ট-২০১৯’ শুরু হয়েছিলো।
দু’দিনব্যাপি এই প্রযুক্তি উৎসবে ৩টি ইভেন্টে দেশের প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক প্রযুক্তিপ্রেমী অংশগ্রহণ করেন